Site icon হামার কুড়িগ্রাম

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের শাহীন আলম

উলিপুর প্রতিনিধি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের আটজন প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন শাহীন আলম।

তিনি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বাসিন্দা এবং আবাবিল শিল্প ও সাংস্কৃতিক পরিষদ, উলিপুরের সাবেক পরিচালক।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার।

বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার অনুভূতি জানিয়ে শাহীন আলম বলেন, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। জাতীয় পর্যায়েও ভালো ফলের জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। দেশের বিভিন্ন এলাকার প্রতিভাবান শিল্পীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে উল্লেখ করে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানান এই শিল্পী।

কুড়িগ্রামের আরো খবর

Exit mobile version