Site icon হামার কুড়িগ্রাম

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া গানের ঐতিহ্য তুলে ধরেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ভূপতি ভূষণ রায়, পঞ্চানন রায়, জেলা জাসাস সভাপতি সজিবসহ স্থানীয় শিল্পীরা। তাঁদের পরিবেশনায় ভাওয়াইয়া প্রেমীরা উপভোগ করেন উত্তরাঞ্চলের লোকসংগীতের ঐতিহ্যবাহী সুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, আব্বাস উদ্দিন আহমদ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি বাংলার লোকসংস্কৃতির এক অবিনশ্বর আলোকবর্তিকা। তাঁর গাওয়া ভাওয়াইয়া গান উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, নদীমাতৃক জীবন ও সংস্কৃতির প্রতিচ্ছবি।

জেলা প্রশাসক আরও বলেন, উত্তরবঙ্গের এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং বিশ্বদরবারে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা জসিম উদ্দিনসহ অন্যরা।

দুই দিনব্যাপী এ উৎসবের মধ্য দিয়ে ভাওয়াইয়া গানের ঐতিহ্য ও উত্তরাঞ্চলের লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়। উৎসবের সমাপনী আয়োজন ঘিরে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version