Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ

নাগেশ্বরী প্রতিনিধি | Hamar Kurigram

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসানুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে এক লাখ টাকায় স্থানীয়ভাবে সমঝোতার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর মামলা না করে বিষয়টি মীমাংসার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামের পাকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটির মালিক ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের ফুলবর মিয়া বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর নিহত শিশুর পরিবারের সঙ্গে এক লাখ টাকায় সমঝোতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিশুটির চাচা হাছিমুদ্দির কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক লাখ টাকায় বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফিও বিষয়টি জানার কথা স্বীকার করে বলেন, পরে স্থানীয় লোকজন এক লাখ টাকায় বিষয়টি সমাধান করেছেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর মামলা না করেই দ্রুত শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় বালুভর্তি ট্রাক্টরের বেপরোয়া চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

হাসানুরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায় এবং সমঝোতার বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version