Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ির খোঁজ নেই

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকার একটি বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নিলুফা ইয়াসমিন নামার চর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্‌বিতণ্ডা হয়েছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর স্বামী ও শাশুড়িকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানা গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version