নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন—মো. ফজলে মিয়া (৪৮), নাগেশ্বরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা এবং মো. রাসেল মিয়া (৩৫), নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, সিডিএমএস (অপরাধী তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা) পর্যালোচনা করে প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা মামলা রয়েছে।
এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ মিডিয়া সেল।
সর্বশেষ সংবাদ
- কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক
- নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য
- কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন
- রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার
- উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক
- ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার


