Site icon হামার কুড়িগ্রাম

তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফিজার রহমান বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল বারবার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেদের প্রমাণ করেছে। আজকের তরুণেরাই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের বিকল্প নেই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

কুড়িগ্রামের সর্বশেষ খবর

Exit mobile version