
দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী একটি বাসকে কেন্দ্র করে লালমনিরহাটের তিস্তা ব্রিজ টোল প্লাজায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গতকাল রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এ সময় সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও টোল প্লাজার কর্মচারী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং তার গায়ে হাত তোলেন। বিষয়টি দেখে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
পরবর্তীতে কয়েকজন ব্যক্তি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ৯ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ বলেন, “শিক্ষার্থী ও টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :