
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে খোকন খন্দকার (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন খন্দকার ওই গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মনোমালিন্যের একপর্যায়ে সবার অজান্তে নিজ শয়নকক্ষের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন খোকন খন্দকার। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের বাবা-মা, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :