
নিউজ ডেস্ক | Hamar Kurigram
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন নুরন্নবী সরকার। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ সময় দায়িত্ব পালনে সহযোগিতা করা দলের নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে, নুরন্নবী সরকারের পদত্যাগের বিষয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, পারিবারিক কিছু সমস্যার কারণে নুরন্নবী সরকার সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে তিনি যা বলেছেন, তা তাঁর মনগড়া কথা। তবে পদত্যাগের বিষয়টি একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
আপনার মতামত লিখুন :