নতুন গ্রিড, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর


HK প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন /
নতুন গ্রিড, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী উপজেলা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ বিভ্রাট ও সেবার অব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘনঘন লোডশেডিং, কম ভোল্টেজ এবং দ্রুত সেবা না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, কৃষি উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় বিপুল সংখ্যক গ্রাহক থাকলেও অভিযোগ গ্রহণ ও সেবা প্রদানের জন্য কার্যকর কেন্দ্র রয়েছে মাত্র দুটি। এলাকাবাসীর দাবি, বর্তমান পরিস্থিতিতে একটি জোনাল অফিস ও সীমিত অভিযোগ কেন্দ্র দিয়ে পুরো এলাকার গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, ট্রান্সফরমার বিকল, লাইন ত্রুটি কিংবা অতিরিক্ত লোডজনিত সমস্যার দ্রুত সমাধান পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগীদের অভিযোগ, বিশাল সেবা এলাকার তুলনায় লাইনম্যান ও কারিগরি জনবলের সংখ্যাও অত্যন্ত কম। এ কারণে যেকোনো ত্রুটি মেরামতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় গ্রাহকদের। বিশেষ করে ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় ঘণ্টার পর ঘণ্টা, কখনও পুরো দিন পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয় সাধারণ মানুষকে।

স্থানীয় সচেতন মহলের মতে, নাগেশ্বরীতে বিদ্যুৎ সরবরাহের মূল লাইন প্রায় ৩৮ কিলোমিটার দূর থেকে আসায় ভোল্টেজ সমস্যা ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, সেচনির্ভর কৃষক এবং শিল্পকারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে এলাকাবাসী দ্রুত একটি ১৩২/৩৩ কেভি গ্রিড স্থাপন এবং অন্তত দুটি ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন। পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ কেন্দ্র চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক বিদ্যুৎ অবকাঠামো নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।