বৃষ্টির দিনে বেপরোয়া গতি? অল্পের জন্য প্রাণে বাঁচল শিশুরা।


HK প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:২১ অপরাহ্ন /
বৃষ্টির দিনে বেপরোয়া গতি? অল্পের জন্য প্রাণে বাঁচল শিশুরা।

উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম সদর উপজেলার গড়ের পাড় বাজারের দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের একটি শিক্ষার্থী পরিবহনকারী বাস। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আজকের এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল ঘণ্টায় আনুমানিক ৬০ থেকে ৭০ কিলোমিটার। তাদের দাবি, বৃষ্টির দিনে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তারা মনে করেন, প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থী বহনকারী যানবাহন আরও সতর্কভাবে চালানো উচিত ছিল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও স্কুল কর্তৃপক্ষ ও চালকের দক্ষতা নিয়ে নানা মন্তব্য দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা MD Soriful Islam Sumon অভিযোগ করে বলেন, একটি গাড়ি দিয়ে পুরো শহর ঘুরিয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়া করা ঝুঁকিপূর্ণ। দক্ষ চালক নিয়োগের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরেক অভিভাবক Babu জানান, তার সন্তানও ওই গাড়িতে যাতায়াত করে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে তিনি আজ সন্তানকে স্কুলে পাঠাননি। তিনি বলেন, “একটি গাড়ি দিয়ে পুরো কুড়িগ্রাম ঘুরিয়ে শিক্ষার্থী পরিবহন করা ঠিক হয়নি।”

এদিকে Abir Khan Atik নামের এক ব্যক্তি দাবি করেন, গাড়িটির চালক দক্ষ ছিলেন না এবং স্কুলের ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
অন্যদিকে শিশির চৌধুরী নামে আরেকজন বলেন, চালকের বেপরোয়া ড্রাইভিং নিয়ে আগেও স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। তার ভাষ্য, ব্যস্ত ও সরু সড়কেও গাড়িটি অতিরিক্ত গতিতে চালানো হতো।

দুর্ঘটনার বিষয়ে স্কুল সূত্র জানায়, “আজ কুড়িগ্রামে আমাদের ওহী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী পরিবহনকারী দ্বিতীয় গাড়িটি সড়ক দুর্ঘটনায় পড়েছিল। আলহামদুলিল্লাহ, গুরুতর আহত কেউ হয়নি। তবে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ঘটনার পর শিক্ষার্থী পরিবহনে নিরাপত্তা, চালকের দক্ষতা এবং স্কুল কর্তৃপক্ষের তদারকি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।