সাড়ে ৪ মাস পর পুনরায় চালু হচ্ছে রৌমারী–চিলমারী ফেরি চলাচল


HK প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন /
সাড়ে ৪ মাস পর পুনরায় চালু হচ্ছে রৌমারী–চিলমারী ফেরি চলাচল

দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কুড়িগ্রামের রৌমারী–চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী।

তারা জানান, আগামী ১৪ মে (বৃহস্পতিবার) রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরবর্তীতে ‘কুঞ্জলতা’ ফেরিটিও এ রুটের চলাচলে যুক্ত হবে।

জানা গেছে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদের রৌমারী–চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হয়। তবে চালুর পর থেকেই নাব্য সংকটের কারণে একাধিকবার ফেরি চলাচল ব্যাহত হয়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ ছিল এ রুটের ফেরি চলাচল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে আসবে। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও রয়েছে।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বলেন, ফেরি চালুর জন্য ঘাট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে।