
কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজির হোসেন আর নেই। শনিবার (১৬ মে) ভোর রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
তার মৃত্যুতে কুড়িগ্রাম ও ফুলবাড়ী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই প্রবীণ নেতা স্থানীয় রাজনীতিতে ছিলেন অত্যন্ত পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করায় এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, আলহাজ্ব নজির হোসেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও দীর্ঘদিন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন,
“মরহুম মোঃ নজির হোসেন কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।”
তিনি আরও বলেন, মরহুমের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। একইসঙ্গে মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে আলহাজ্ব নজির হোসেনের মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ যৌথ বিবৃতিতে মরহুমের রাজনৈতিক অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।
একই সঙ্গে জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়েছে, প্রবীণ এই নেতার মৃত্যুতে শনিবারের নির্ধারিত “সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে কর্মসূচি প্রণয়নের সভা” স্থগিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, শোকের আবহে পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে।
প্রবীণ এই বিএনপি নেতার মৃত্যুতে ফুলবাড়ীসহ কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, নজির হোসেন ছিলেন একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব রাজনীতিবিদ; যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আপনার মতামত লিখুন :