
উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সমবায় সমিতিগুলোর কাছ থেকে অর্থ নিয়ে ৫৪তম সমবায় দিবস উদযাপনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ওই কর্মকর্তা উপজেলার বিভিন্ন নিবন্ধনকৃত সমবায় সমিতির কাছ থেকে প্রায় দুই লাখ টাকা সংগ্রহ করেছেন। এ ঘটনায় সমবায় সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা সমবায় দপ্তর সূত্রে জানা যায়, উলিপুর উপজেলায় মোট ৮১টি নিবন্ধনকৃত কার্যকর সমবায় সমিতি রয়েছে। শনিবার (১ নভেম্বর) ৫৪তম সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক জানান, দিবসটি উদযাপনের জন্য উপজেলা সমবায় অফিস থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা চাওয়া হয়। পরে প্রতিটি সমিতির পক্ষ থেকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয়। তারা অভিযোগ করে বলেন, “আমরা বাধ্য হয়েই টাকা দিয়েছি। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে সমিতির নিবন্ধন বাতিল করার হুমকি দেওয়া হয়। শুধু সমবায় দিবস নয়, বিভিন্ন সময় নানা অজুহাতে এমনভাবে টাকা নেওয়া হয়ে থাকে।”
অভিযোগের বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা কে.এম. মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “সমবায় সমিতির সদস্যদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। সমবায় দিবস উপলক্ষে সরকারি বরাদ্দ ২০ হাজার টাকা ছিল, সেই টাকায়ই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।”
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “সমবায় দিবস উপলক্ষে সমিতিগুলোর কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ যদি টাকা দিয়ে থাকে, সেটি আমার জানা নেই। তবে বিষয়টি অনুচিত হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সমবায় সমিতির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এটি অনিয়ম, বিষয়টি খতিয়ে দেখা হবে।”
আপনার মতামত লিখুন :