উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন / ০ Views
উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকার হোসেন আলী মুন্সির ছেলে মো. মিলন ও মো. সাকিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩(৩)(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৫(১) ধারায় তাঁদের জরিমানা করা হয়।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউশন দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার। অভিযানে সহযোগিতা করেন সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ