রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


HK প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন /
রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি,রাজারহাট (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজারগামী সড়কের মেরামত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাট উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের খানাখন্দে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রায়ই দুর্ঘটনার ঘটনাও ঘটছে। তারা অভিযোগ করেন, সড়ক মেরামতের জন্য টেন্ডার হলেও ঠিকাদারের গাফিলতির কারণে এখনো কাজ শুরু হয়নি। বক্তারা দ্রুত সড়কের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রাজারহাট উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রশিদ মণ্ডল বলেন, “রাজারহাট-আনন্দবাজার সড়কের (দৈর্ঘ্য ১১.৭৭০ কিলোমিটার) উন্নয়ন কাজ ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (RCIP)’ প্রকল্পের আওতায় হচ্ছে। ১৪ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার টাকায় কাজটি পেয়েছেন ঠিকাদার খায়রুল কবীর রানা। আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে—তিনি আগামী সপ্তাহেই কাজ শুরু করবেন। না করলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী আসাদুজ্জামান আসাদ, আমির হামজা বাচ্চু, মিজানুর রহমান মিজান, আশরাফুল ইসলাম বাচ্চু, রানু সরকারসহ আরও অনেকে।