
কুড়িগ্রাম জেলার উলিপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্টে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতারা।
সাবেক জেনারেল সেক্রেটারি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ এবং সাবেক যুগ্ম আহবায়ক, জেলা ছাত্রদল কুড়িগ্রামের নেতা ফিরোজ কবির কাজল তার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন—
“দয়া করে ২৭, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন নিয়ে পুনর্বিবেচনা করুন। উলিপুরবাসীর মনে হাহাকার, তারা আজ ভারাক্রান্ত। আমাদের নেতা আব্দুল খালেক ভাইকেই আমরা চাই।”
তিনি আরও উল্লেখ করেন,
“গত ১৭ বছর ধরে আব্দুল খালেক ভাই আমাদের সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন। তাঁকে ছাড়া আমাদের আগামী দিন চলা মৃত্যুর মতো ভয়ঙ্কর হবে।”

একই দাবিতে জেলা কৃষকদলের ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা আবু জাফর সোহেল রানা লিখেছেন,
“বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর উলিপুরের জনগণ ও নেতাকর্মীরা আশাহত। তারা এমন একজন নেতা চেয়েছিল, যিনি মাটির মানুষ, শিক্ষিত, রাজনৈতিক অভিজ্ঞ এবং সৎ।”
উল্লেখযোগ্য, আব্দুল খালেক ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ১৭ বছর ধরে উলিপুরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। মিথ্যা মামলায় আট শতাধিক মানুষকে আইনি সহায়তা দিয়েছেন, সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছেন এবং সাধারণ মানুষের পাশে থেকেছেন।
নেতারা অভিযোগ করেছেন, প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন এবং আন্দোলনে ছিলেন না। তারা দাবি করছেন,
“জনগণ এমন কাউকে চায়, যিনি উলিপুরের মানুষ, মাঠে ছিলেন, আন্দোলনে ছিলেন, এবং যাকে মানুষ নিজের নেতা মনে করে।”

উলিপুরবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করা হয়েছে যে, তারা মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই করে মনোনয়ন পুনর্বিবেচনা করবেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। ৩ নভেম্বর রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভির-উল-ইসলাম।
আপনার মতামত লিখুন :