দুর্ঘটনায় পঙ্গু আমিনুরের আহ্বান: “স্ত্রী-সন্তানদের সহযোগিতায়— মানবতার হাত বাড়ান”


HK প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন /
দুর্ঘটনায় পঙ্গু আমিনুরের আহ্বান: “স্ত্রী-সন্তানদের সহযোগিতায়— মানবতার হাত বাড়ান”

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বাজারপাড়া, বানুরকুঠি গ্রামের বাসিন্দা মোঃ আমিনুর রহমান (৪২) আজ লড়ছেন জীবনের এক নির্মম বাস্তবতার বিরুদ্ধে। মৃত জাবেদ আলীর পুত্র আমিনুর ছিলেন পরিশ্রমী ও কর্মঠ একজন মানুষ। একসময় নিজ পরিশ্রমে সংসার চালালেও এখন তিনি পুরোপুরি পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

গত ১১ মার্চ ২০২৪ তারিখে সোনাহাট থেকে ভূরুঙ্গামারী ফেরার পথে এক বেকপোট দুর্ঘটনায় মারাত্মক আহত হন আমিনুর রহমান। দুর্ঘটনায় তাঁর কোমরের নিচের দুই পায়ের হাড় (রান) ভেঙে যায়। সেই থেকে তিনি আর চলাফেরা করতে পারছেন না। বসা বা শোয়া— সবকিছুতেই এখন অন্যের সহায়তার ওপর নির্ভরশীল।

চিকিৎসার জন্য স্থানীয়ভাবে যা সম্ভব ছিল, পরিবার তা করেছে। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এখন চিকিৎসা খরচ, ওষুধ কেনা এবং পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও অসম্ভব হয়ে পড়েছে।

আমিনুরের পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। নেই কোনো জমিজমা বা স্থায়ী আয়ের উৎস। রেললাইনের পাশে পরিত্যক্ত সরকারি জমিতে ছোট্ট একটি ঘরে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে কিছুদিন সহায়তা পেলেও এখন সেই সাহায্যও বন্ধ।

অসহায় আমিনুর রহমানের আর্তি— “আমি বাঁচতে চাই, আবার হাঁটতে চাই। কেউ কি একটু সাহায্যের হাত বাড়াবেন?”

একজন পঙ্গু মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন আপনার অল্প সহযোগিতায়ও। মানবতার এই আহ্বানে সাড়া দিতে আপনি সাহায্য পাঠাতে পারেন— যোগাযোগ: ০১৭৪০-২৯২৯০৫,০১৩২৩৮৪৬৯৪৫