উলিপুরে সুদের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা


HK প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১০:২৯ অপরাহ্ন /
উলিপুরে সুদের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

জাহিদ হাসান || উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে সুদের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে রওশনারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে।


‎ঘটনাটি ঘটেছে, বুধবার (৫ নভেম্বর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকায়। রওশনারা ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী। বর্তমানে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎গৃহবধূর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দূর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার আজগার আলীর ছেলে সাইফুর রহমানের নিকট রওশনারা বেগম ৩ মাস আগে ১৭ হাজার টাকা ধার নেন। অভাবের কারণে টাকা পরিশোধ করতে ব্যর্থ হন রওশনারা। পরে সাইফুর রহমান প্রতি মাসে মাসে উক্ত টাকার লাভের অংশ নিয়ে আসছেন। এ অবস্থায় গত ২ নভেম্বর রওশনারার একমাত্র ছেলে আব্দুর রহিম (১৯) কে মোবাইল ফোনে ডেকে সাইফুরের বাড়িতে নেন। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে ১ লক্ষ ১৩ হাজার টাকা উঠিয়ে আব্দুর রহিমের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন সাইফুর রহমান। পরে এ টাকার জন্য প্রতিদিন চাপ দিতে থাকেন রওশনারা সহ পরিবারের সকলকে। এ অবস্থায় গত মঙ্গলবার (৪ নভেম্বর) সাইফুর রহমান রওশনারা ও তার মেয়েকে সহ পরিবারের সকল সদস্যকে প্রাণনাশের হুমকি-ধামকি সহ মা মেয়েকে বিবাহ করে টাকা পরিশোধ করে নিবেন বলে কু-প্রস্তাব দেন। অপবাদ সহ্য করতে না পেয়ে রওশনারা বুধবার (৫ নভেম্বর) সকালে জমিতে দেয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

‎এ বিষয়ে সাইফুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে হলে তিনি বলেন, রওশনারা বেগম নামের ওই মহিলার ছেলে আব্দুর রহিম স্বেচ্ছায় আমার কাছে স্ট্যাম্পে স্বাক্ষর করেছে। তাকে কোনো জোর করা হয়নি। সুদের টাকা নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, রওশনারা বেগম নামে ওই নারীর শরীর থেকে পয়জন জাতীয় পদার্থ বের করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। এ বিষয়ে থানায় অভিযোগ করলে তাকে আইনি সহায়তা দেয়া হবে।