কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


HK প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন /
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজ ডেস্ক অনলাইন:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন।

এ উপলক্ষে কৃষি অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. আব্দুল আলীমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করে উন্নয়ন থেকে পিছিয়ে রাখার যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শহীদদের আত্মত্যাগ ও বাঙালি জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসন অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে জাতি হিসেবে সকল মত ও পথের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে পারলে বাংলাদেশ বিশ্বে একটি অনন্য ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শেষে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।