বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীসহ সুদানে ড্রোন হামলায় কুড়িগ্রামের ২ জনসহ নিহত ৬ ও আহত ৮


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ২:১৬ অপরাহ্ন /
বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীসহ সুদানে ড্রোন হামলায় কুড়িগ্রামের ২ জনসহ নিহত ৬ ও আহত ৮

আতাউর রহমান বিপ্লব ।। হামার কুড়িগ্রাম

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে শনিবার দুপুরে ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। হামলাটি চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী।

নিহত শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মোঃ মাসুদ রানা, সৈনিক মোঃ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মোঃ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া।

আহত শান্তিরক্ষীরা— লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোঃ মেজবাউল কবির, সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মোঃ মানাজির আহসান।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

এদিকে, নিহতদের মধ্যে কুড়িগ্রামের দুই সন্তান—সৈনিক শান্ত মন্ডল ও সৈনিক মমিনুল ইসলামের মৃত্যুর খবরে জেলায় নেমে এসেছে শোকের ছায়া। রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ায় শান্ত মন্ডলের পরিবারে চলছে শোকের মাতম। তিনি সাবেক সেনাসদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে। ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান শান্ত। সেখানে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারান তিনি। তার বড় ভাই সোহাগ মন্ডলও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

অপরদিকে, উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে বীর শহীদ সৈনিক মমিনুল ইসলামের বাড়িতেও চলছে হৃদয়বিদারক শোক। স্বজন ও এলাকাবাসী দেশের গর্বিত এই সেনাসন্তানের মরদেহ একনজর দেখার আকুতি জানাচ্ছেন।