
নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী (কুড়িগ্রাম-২ আসন) মাওলানা নূর বখতের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক পোস্টে দেখা যায়, মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. তাইফুর রহমান তাজ অধ্যক্ষের কার্যালয়ে মাওলানা নূর বখতের হাত ধরে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম পৌর শাখায় যোগ দেন। ঘটনাটির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রথমে শেখ মাহফুজ রহমান মুজাহিদ নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে ছবিগুলো প্রকাশ করেন। তবে সমালোচনা বাড়তে থাকলে তিনি নিজের আইডি থেকে পোস্টটি মুছে ফেলেন।
এ নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবু সাঈদ শিথীল ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “এটা কি অধ্যক্ষের কার্যালয় নাকি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস? শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস কক্ষে কি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়? নৈতিকতা কোথায়? কবে আমরা এমন দৈন্য রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসব?” তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর বখতের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :