
শাহজাহান খন্দকার ।। উলিপুর
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সাত দিনের কর্মসূচি একদিনেই শেষ করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারকে শোকজ নোটিশ দিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তাদির খান বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহের সাত দিনের প্রতিটি কার্যক্রম আলাদাভাবে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কখনোই সাত দিনের প্রোগ্রাম একদিনে শেষ করা যাবে না। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই উলিপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।”
জানা যায়, গত ১৮ আগস্ট (সোমবার) উলিপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একদিনেই র্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণসহ পুরো সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এভাবে সাত দিনের কর্মসূচি একদিনে শেষ করায় স্থানীয় মৎস্যচাষি ও জেলেদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।
পরে এ ঘটনা নিয়ে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার জানান, “আমি শোকজ নোটিশ পেয়েছি এবং এর জবাবও ইতোমধ্যে প্রদান করেছি।”
এদিকে স্থানীয় মৎস্যচাষি ও জেলেরা অভিযোগ করে বলেন, “মৎস্য সপ্তাহের প্রতিদিনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা তৈরি হওয়ার কথা থাকলেও একদিনে সব কার্যক্রম শেষ করায় আমরা বঞ্চিত হয়েছি। এতে সরকারের উদ্দেশ্যও ব্যাহত হয়েছে।”
প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। তবে উলিপুরে তা একদিনে শেষ করায় প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে।
আপনার মতামত লিখুন :