উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ১:৩২ অপরাহ্ন /
উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী’র ১২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজারে সাহিত্য পত্রিকা ছুটিরপাতা’র আয়োজনে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ছুটিরপাতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নগেন্দ্র নাথ সরকার এবং অবসরপ্রাপ্ত সহকারী কৃষি অফিসার জাবেদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, ইতিহাসে মহারাণী স্বর্ণময়ী ছিলেন শিক্ষা, সমাজকল্যাণ ও দানশীলতার উজ্জ্বল প্রতীক। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নারী হয়েও তিনি সাহসিকতার সঙ্গে সমাজ পরিবর্তনের অগ্রনায়ক হয়ে উঠেছিলেন। উলিপুরে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ আধুনিক সমাজ বিনির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। অথচ আজও তাঁর প্রয়াণ দিবসে নিয়মিত কোনো সরকারি-বেসরকারি স্মরণসভা আয়োজন করা হয় না, যা অত্যন্ত দুঃখজনক।

তাঁরা আরও বলেন, মহারাণী স্বর্ণময়ী’র জীবন আমাদের শেখায়— মানবতার কল্যাণে দান ও নিরলস কাজই একজন মানুষকে যুগের পর যুগ স্মরণীয় করে রাখে।

স্মরণসভায় শুরুতে মহারাণী স্বর্ণময়ী’র আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর ১২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছুটিরপাতা সাহিত্য পত্রিকার নবম বর্ষ, প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।