উলিপুর প্রতিনিধি | Hamar Kurigram
কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের বকেয়া ৪৫ হাজার টাকা দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে। তিনি এ মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে নাসরিন জাহানের সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর আলমগীরের পরিবারের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়েছিল বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ অক্টোবর বাকি যৌতুকের টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। তাঁর বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।
পরে পরিবারের সদস্যরা উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে গিয়ে নাসরিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম ২৯ অক্টোবর উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
- উলিপুরে ২৬৮ বিদ্যালয়ের প্রায় ২০০টিতেই প্রধান শিক্ষক নেই
- উলিপুরে বাবলু গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল, শাস্তির দাবিতে মানববন্ধন
- উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১
- উলিপুরে নদীর পাড়ের মাটি কেটে ভরাটের চেষ্টা, পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার আশঙ্কা
- সোনালী ব্যাংকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কুড়িগ্রামে কর্মরত সাবেক ব্যবস্থাপক; পলাতক নৈশপ্রহরী
- রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন


