Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে নদীর পাড়ের মাটি কেটে ভরাটের চেষ্টা, পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার আশঙ্কা

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বেইলি ব্রিজের উত্তর পাশে বামনী নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ঘটনায় নদীর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

স্থানীয় সমাজসেবক ফজলুল হকের অভিযোগ, দুর্গাপুর বেইলি ব্রিজসংলগ্ন বামনী নদীর পশ্চিম পাড়ের সরকারি খাসজমিতে সংরক্ষিত নদী খননের হেলনা মাটি কেটে নদী ভরাট করে আবাদি জমি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ কাজে ভেলুর খামার এলাকার বাসিন্দা মো. নূর আমীন, মো. নূর আলম ও নূর আমীনের স্ত্রী মোছা. শাহানাজ বেগম জড়িত বলে তিনি অভিযোগ করেছেন।

স্থানীয়দের দাবি, নদী খননের ফলে পানি নিষ্কাশন সহজ হয়েছে এবং কৃষিজমিতে ফসল উৎপাদন বেড়েছে। কিন্তু নদীর পাড়ের মাটি কেটে আবার নদী ভরাট করা হলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে আশপাশের এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী খননের উদ্দেশ্যও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং নিরপেক্ষভাবে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় জমির মালিকরা। তাঁদের দাবি, নদীর স্বাভাবিক প্রবাহ ও সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version