উলিপুরে ১৬ দলের হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন / ০
উলিপুরে ১৬ দলের হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরণীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে সন্ধ্যা থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। তাঁদের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে একটি গরু, রানার্সআপ দল পাবে একটি ছাগল এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে দুটি রাজহাঁস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ডলেরহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডাক্তার বাবর উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. গোলাম মর্তুজা মুকুল। বিশেষ অতিথি ছিলেন যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল বলেন, হাডুডু গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজন ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে পারে। খেলাধুলা মাদক থেকে দূরে থাকতে তরুণদের উৎসাহিত করে বলেও তিনি মন্তব্য করেন।

আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টটি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ তৈরি করবে এবং নতুন প্রজন্মের কাছে হাডুডু খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে।

কুড়িগ্রামের আরো খবর