অভাবের নির্মম বাস্তবতা: সন্তানকে কাছে রাখতে পারছেন না আজিম-আমেনা দম্পতি


Shahariar Srejon প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন / ০
অভাবের নির্মম বাস্তবতা: সন্তানকে কাছে রাখতে পারছেন না আজিম-আমেনা দম্পতি

ভুরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকায় চরম অভাব-অনটনে দিন কাটছে আজিম উদ্দিন ও আমেনা দম্পতির। নিত্যদিনের খাদ্যসংকট, আর্থিক অসচ্ছলতা ও সংসারের ব্যয়ভার সামলাতে গিয়ে সন্তানদের ভরণপোষণ করাই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। এমন পরিস্থিতিতে চরম অসহায়ত্বের কারণে নিজের সন্তানকে কাছে রাখতে না পেরে দূরে রেখে আসতে বাধ্য হয়েছেন এই বাবা-মা।

পরিবারটির সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছেন তারা। সংসারের খরচ মেটানো এবং সন্তানদের মুখে খাবার তুলে দিতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। একপর্যায়ে অসহায় হয়ে সন্তানকে নিজের কাছ থেকে দূরে রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

সম্প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে আর্থিক সংকটের কারণে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে রেখে বাড়ি ফিরে যান তার বাবা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

যে বয়সে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই অভাবের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে শিশুটিকে। পরিবারের এমন পরিস্থিতি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।

এ অবস্থায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কাছে পরিবারটির জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা।

আজিম উদ্দিন ও আমেনা দম্পতির মতো অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ এখন জরুরি। অর্থের অভাবে কোনো শিশুকে যেন বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা থেকে দূরে থাকতে না হয়, সে জন্য প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ।