
রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম তাঁর নৈমিত্তিক ছুটি গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে ছুটি নেওয়া একজন সরকারি কর্মকর্তার স্বাভাবিক অধিকার। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শিষ্টাচার ও জনসেবার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
ইউএনও তানজিলা তাসনিম জানান, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে তিনি ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চার দিনের নৈমিত্তিক ছুটির জন্য কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে আবেদন করেন। পরদিন ২৩ অক্টোবর জেলা প্রশাসন তাঁর আবেদন মঞ্জুর করে ছুটির প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে এক দিনের স্টেশনে অনুপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয় বলে জানা গেছে।
ছুটি গ্রহণের বিষয়ে ইউএনও বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে বিধি মোতাবেক নৈমিত্তিক ছুটি ভোগ করা তাঁর অধিকার। নিয়মতান্ত্রিকভাবে ছুটি নেওয়ার মতো স্বাভাবিক বিষয় নিয়ে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আলোচনা হওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে শিষ্টাচার প্রসঙ্গে তিনি বলেন, কোনো মান্যবর মন্ত্রীকে সম্মানসূচক ‘স্যার’ সম্বোধন করা স্বাভাবিক সামাজিক ও প্রাতিষ্ঠানিক রীতি। তাঁর মতে, সম্মান প্রদর্শনের এ ধরনের প্রচলিত সংস্কৃতি নিয়ে অযৌক্তিক সমালোচনা করা উচিত নয়।
নিজের পূর্ববর্তী কর্মস্থলের অভিজ্ঞতা তুলে ধরে তানজিলা তাসনিম জানান, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং জনসেবা নিশ্চিত করতে পরিশ্রম করেছেন।
তিনি সাংবাদিক সমাজের প্রতি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর মতে, সরকারি কর্মকর্তাদের বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
আপনার মতামত লিখুন :