
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন এক কিশোর ও এক গৃহবধূ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস।
নিহত রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান তিনি। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হন রিয়াজুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে একই সময়ে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হয় বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫)। এছাড়া নিজ ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হন ইসমেতারা নামে এক গৃহবধূ।
আহত দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আহত বায়েজিদের বাবা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টির সময় ছেলেকে মাঠ থেকে ছাগল আনতে পাঠানো হয়েছিল। এসময় বজ্রপাত হলে সে আহত হয়। একই ঘটনায় প্রতিবেশী কৃষক রিয়াজুল ইসলামের মৃত্যু হয়।
কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :