
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আলহাজ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ভূরুঙ্গামারী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ আনোয়ার হোসেন উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। এসএসসি পাসের পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন এবং সর্বশেষ ভূরুঙ্গামারী উপজেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অসুস্থতার বিষয়ে জানা গেছে, তিনি প্রথমে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এক শোকবার্তায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন,
“আলহাজ আনোয়ার হোসেন একজন প্রবীণ রাজনীতিবিদ ও ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।”
অপর এক শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন বলেন,
“তিনি ছিলেন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর অবদান সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত ছিলেন।”
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মণ্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আন নূর ফাউন্ডেশন এবং আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :