
মোঃ মশিউর রহমান বিপুল, বিশেষ প্রতিনিধি
তীব্র শীতের কষ্ট লাঘবে কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরে সংগঠনটির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান এবং সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের।

এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাপুর চর উন্নয়ন কমিটির লুৎফর রহমান মাস্টার, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, বিএনপি সদস্য ও ব্যবসায়ী বাবুল আহমেদ, খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে চর উন্নয়ন কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক সহায়তায় আমরা সবসময় চরবাসীর পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের আদলে একটি আলাদা চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি। অবিলম্বে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
আপনার মতামত লিখুন :