কুড়িগ্রাম প্রতিনিধি
বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করা কুড়িগ্রামের তরুণ সংগঠক অনন্যা খাতুন এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একটি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
আগামী ১৩ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে South Asian Regional Forum on Ending Child Marriage। সেখানে Asmani Foundation-এর মাধ্যমে Plan International Bangladesh-এর Space to Lead Project-এর আওতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন অনন্যা।
কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা ২০২২ সাল থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার, মানবাধিকার, জেন্ডার সমতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন।

অনন্যা Alliance for Rights Women Organization (ARWO)-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি।
কুড়িগ্রামের মতো বন্যা, নদীভাঙন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কন্যাশিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়েও কাজ করে আসছেন অনন্যা। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে এসব বিষয়ে কাজ করছেন তিনি।
কাঠমান্ডুর আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণদের উদ্যোগ ও অভিজ্ঞতা জানার পাশাপাশি বাংলাদেশের বাস্তবতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের ভূমিকা তুলে ধরার সুযোগ পাবেন অনন্যা।
অনন্যা বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে শুধু সচেতনতা নয়, প্রয়োজন মানসম্মত শিক্ষা, পরিবারের সহযোগিতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তরুণদের কার্যকর অংশগ্রহণ।”
তিনি বলেন, কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও তরুণদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :