ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে দর্শকের ঢল


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন / ০
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে দর্শকের ঢল

বিপুল মিয়া, ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম রমজান আলী মন্ডলের স্মরণে ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের আয়োজনে টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন হাডুডু দল অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। বিশেষ অতিথি ছিলেন শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাস্টার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী।

উদ্বোধনী খেলায় ফুলবাড়ী সবার আগে বাংলাদেশ হাডুডু একাদশের মুখোমুখি হয় হক বাজার হাডুডু একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, মরহুম রমজান আলী মন্ডলের স্মৃতি ধরে রাখার পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয়রা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের আয়োজন হলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে।