নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃউপশাখা ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখা ও শিলখুড়ী ইউনিয়ন শাখা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শিলখুড়ী ইউনিয়ন শাখা ২-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাসেল মাহমুদ। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা স্কাউট লিডার খোরশেদ আলম।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবির সারাদেশে শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
বক্তব্য শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।






