
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ও সহজ ভূমিসেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ মে থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মেলা চলবে ২১ মে পর্যন্ত। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এ মেলার মাধ্যমে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ডিজিটাল সেবা প্রদান করা হবে।
### মেলায় যেসব সেবা পাওয়া যাবে:
* ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ও হোল্ডিং এন্ট্রি
* ই-নামজারির আবেদন গ্রহণ
* ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ
* অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ
* ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও আইনি পরামর্শ প্রদান
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বিভাগীয় সদর, জেলা সদর এবং দেশের সব উপজেলা ভূমি অফিসের পাশাপাশি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে সরাসরি উপস্থিত হয়ে নাগরিকরা এসব সেবা গ্রহণ করতে পারবেন।
আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :