স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির পথে নিখোঁজ রাজারহাটের গৃহবধূ রুজিনা, চার মাস পর খোঁজ মিললো ভারতে


HK প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন /
স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির পথে নিখোঁজ রাজারহাটের গৃহবধূ রুজিনা, চার মাস পর খোঁজ মিললো ভারতে

রাজারহাট প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাটে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূ চার মাস পর ভারতের এক স্থানে জীবিত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ গৃহবধূর নাম মোছাঃ রুজিনা বেগম, তিনি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের গোবর্ধন আবাসন এলাকার দিনমজুর মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী।

আশরাফুল ইসলাম জানান, “আমাদের সংসার বেশ ভালোভাবেই চলছিলো। আমাদের ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। হঠাৎ করেই আমার স্ত্রী রুজিনা নিখোঁজ হয়ে যায়। কীভাবে সে ভারতে গেলো, তা এখনো আমার কল্পনার বাইরে।”

তিনি আরও জানান, “কিছুদিন আগে একটি অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে আমার স্ত্রী রুজিনা কথা বলে জানায় যে, তাকে ভারতে নিয়ে আসা হয়েছে।”

রুজিনার বাবার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় এলাকায়। তবে নিখোঁজ হওয়ার পরও স্থানীয় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

রুজিনার স্বামী আশরাফুল ইসলামের আশঙ্কা, “আমার স্ত্রীকে ফুলবাড়ী গঙ্গারহাট সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়ে থাকতে পারে।” তিনি সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমি গরিব মানুষ, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। সরকার যদি আমার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনে, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।”

এ বিষয়ে রাজারহাট থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “এখন পর্যন্ত পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, নিখোঁজ রুজিনা বেগমের পরিবারের সদস্যরা এখনও ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেননি। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত আন্তঃদেশীয় আইনি প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হোক।