
সারাদেশে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে মেগা ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। আগামী ২ মে (১৯ বৈশাখ) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশে সমন্বিতভাবে এর কার্যক্রম শুরু হবে।
এই জাতীয় আয়োজনকে সফল করতে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা বিএনপিকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে। জাতীয় গুরুত্বপূর্ণ এই আয়োজনে শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা শাখাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে কুড়িগ্রাম জেলা বিএনপির নিম্নোক্ত নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে—
মোস্তাফিজুর রহমান (মোস্তফা), আহ্বায়ক
সোহেল হোসাইন কায়কোবাদ, সদস্য সচিব
চিঠিতে উল্লেখ করা হয়, ২ মে বিকেল ৩টায় সিলেট থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনী ঘোষণা দেওয়ার সময় কুড়িগ্রাম জেলা ও মহানগরেও সমান্তরালভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে। এ আয়োজনকে সুশৃঙ্খল ও সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়—
“আপনার জেলা/মহানগরের উদ্বোধনী অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে আপনার সহযোগিতা কামনা করছি। আপনি/আপনারা গুরুত্ব সহকারে নির্দেশিত বিষয়টি কার্যকর করবেন বলে দল আশা রাখে।”
নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য চিঠির অনুলিপি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সংশ্লিষ্ট সহ-সাংগঠনিক সম্পাদকদের কাছেও পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলবে। একই সঙ্গে বৃহৎ পরিসরের এই আয়োজন স্থানীয় পর্যায়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং নতুন প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :