ভবিষ্যৎ কর্মবাজারে টিকে থাকতে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার বিকল্প নেই: প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান


HK প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৯:২১ অপরাহ্ন /
ভবিষ্যৎ কর্মবাজারে টিকে থাকতে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার বিকল্প নেই: প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান।

তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সময়োপযোগী, দক্ষতাভিত্তিক ও গবেষণানির্ভর করতে হবে। শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠবে। এ ধরনের গবেষণা দেশের উচ্চশিক্ষা খাতের ভবিষ্যৎ নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কনসিলিয়েরি প্রাইভেট লিমিটেড (CPL) বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, কর্মসংস্থান উপযোগিতা এবং ভবিষ্যৎ শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি মূল্যায়নে “Feasibility Study to Assess the Future Readiness and Responsiveness of Bangladesh’s Higher Education System” শীর্ষক একটি গবেষণা পরিচালনা করছে।

অনুষ্ঠানে ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শিক্ষাবিদ জেসমিন নাহার এবং সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি বক্তব্য রাখেন।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।