বালু পয়েন্ট অনুমোদন নিয়ে প্রশ্নে সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মন্তব্য দেননি জেলা প্রশাসক


HK প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন /
বালু পয়েন্ট অনুমোদন নিয়ে প্রশ্নে সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মন্তব্য দেননি জেলা প্রশাসক

বিশেষ প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বালু পয়েন্ট অনুমোদন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বালুমহল অনুমোদন কীভাবে দেওয়া হচ্ছে—তা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ের মতো বর্তমান সময়েও যদি রাতারাতি বালু পয়েন্ট অনুমোদন দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি স্পষ্ট করা জরুরি। আর যদি জেলা প্রশাসনের মাধ্যমেই এসব অনুমোদন দেওয়া হয়, তবে তা অবশ্যই উন্মুক্ত, স্বচ্ছ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে করতে হবে।

লোকমান হোসেন লিমন বলেন, “বালু পয়েন্টগুলো গোপনে বা নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রেখে অনুমোদন দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সাধারণ আগ্রহীদের অবহিত করে উন্মুক্ত পদ্ধতিতে অনুমোদন দিতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে রাতারাতি অনুমোদন দেওয়া হলে এর দায়ভার জেলা প্রশাসনকেই বহন করতে হবে।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক সমঝোতা ও লিয়াজোর মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে একাধিক প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয়। জানতে চাওয়া হয়—বর্তমানে বালু পয়েন্ট অনুমোদন প্রক্রিয়া কীভাবে পরিচালিত হচ্ছে, অনুমোদনের ক্ষেত্রে কী ধাপ অনুসরণ করা হচ্ছে, স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে কি না, কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কি না এবং অনিয়ম ধরা পড়লে প্রশাসনের করণীয় কী।

তবে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।