
ডেস্ক নিউজ
কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে গত ১০ দিনে ৫০১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে কাগজপত্র ও নিবন্ধনসংক্রান্ত ত্রুটির কারণে ১৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (৮ এপ্রিল) জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট না পরা, অতিরিক্ত গতি, মোটরসাইকেলে তিন আরোহী বহনসহ নানা ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা করা হয়।
এ পর্যন্ত ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :