ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটি, জেলার নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন / ০
ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটি, জেলার নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

বিপুল মিয়া, ফুলবাড়ী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরাবুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে মোট ২০ জন সদস্য রয়েছেন।

এদিকে, নতুন কমিটি ঘোষণার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। কমিটি গঠন করায় জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবনিযুক্ত আহ্বায়ক মো. শামসুজ্জামান হাসু এবং সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্র থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের পর জেলার অন্যান্য উপজেলায় কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

জেলা বিএনপির পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা আশা করছেন, এ কমিটির মাধ্যমে ফুলবাড়ী উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার হবে।