
ডেস্ক নিউজ অনলাইন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রতিষ্ঠিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “ফুলবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”-কে সরকারি স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়দের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে সীমিত সামর্থ্য ও মানবিক দায়বদ্ধতা থেকে পরিচালিত হয়ে আসা এ প্রতিষ্ঠানটিকে সরকারি স্বীকৃতির আওতায় আনার দাবিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানানো হয়েছে।
২০১১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদান, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে এখানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। শিক্ষক, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা স্বল্প বেতনে কিংবা বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো প্রকার সরকারি স্বীকৃতি না পাওয়ায় প্রশাসনিক সহায়তা এবং আর্থিক সংকটে রয়েছে। এই প্রেক্ষাপটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন করেছেন “ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম”-এর চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ।
আবেদনপত্রে বলা হয়, “বিদ্যালয়টির কার্যক্রমকে টিকিয়ে রাখা এবং আরও বৃহত্তর পরিসরে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সরকারি স্বীকৃতি দেওয়া জরুরি।”
এ বিষয়ে জানতে চাইলে ডা. আতিক মুজাহিদ প্রথম আলোকে বলেন, “এটা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক উদ্যোগ। সরকারিভাবে স্বীকৃতি পেলে বঞ্চিত এই শিশুরা আরও ভালোভাবে সমাজে নিজের অবস্থান গড়ে তুলতে পারবে।”
আপনার মতামত লিখুন :