ফুলবাড়ীতে পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা ও দুই মোটরসাইকেল জব্দ, গ্রেফতার ২ মাদক কারবারি


HK প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন /
ফুলবাড়ীতে পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা ও দুই মোটরসাইকেল জব্দ, গ্রেফতার ২ মাদক কারবারি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী পৃথক দুইটি অভিযানে ৮ কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অংশ নেয় ফুলবাড়ী থানা পুলিশের চৌকস টিম।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৬টা ৪০ মিনিটে ফুলবাড়ী ইউনিয়নের ধরলা ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ফুলবাড়ী থানাধীন যতীন্দ্রনারায়ণ এলাকার মাদক কারবারি মো. চান মিয়া (৫৫) কে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ।এর আগে বুধবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলবাড়ী থানার অপর একটি টিম ধরলা চেকপোস্টে অভিযান চালায়। অভিযানে বিশেষ কায়দায় মোটরসাইকেলের সিটের নিচে ফিটিং করা অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ ধরা পড়ে শফিকুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারি।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে মোট ৮ কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেলসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”তিনি আরও জানান, জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ।