
নৌকার মাঝি থেকে এবার লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন কে. এম. ফজলুল হক মণ্ডল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে লাঙ্গল প্রতীকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) এ বৈধতা ঘোষণা করা হয়।
কে. এম. ফজলুল হক মণ্ডল কুড়িগ্রামের ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এর আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম বলেন, তদন্ত না করেই জেলা প্রশাসক কীভাবে তাকে বৈধ ঘোষণা করেছেন, তা আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়টি জানতে পারার পর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে আমরা আপিল করার সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কুড়িগ্রাম জেলার কোনো বৈধ প্রার্থীকে দিয়েই আপিল করতে হয়। এ জন্য কয়েকজন সংসদ সদস্য পদপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঝামেলায় জড়াতে অনিচ্ছা প্রকাশ করেন। ফলে আপিল করা সম্ভব হয়নি।
তাইজুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করা একজন প্রার্থী কীভাবে পরে বৈধ ঘোষণা পান—এটি অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।
আপনার মতামত লিখুন :