
মো: জাহিদ হাসান ।। রাজারহাট
কুড়িগ্রাম জেলার রাজারহাটে তীব্র শীতে কষ্ট পাওয়া অসহায়, পঙ্গু, প্রতিবন্ধী ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। আজ ১৪ই জানুয়ারি (বুধবার) ব্র্যাক রাজারহাট এলাকা অফিসের উদ্যোগে এ শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়।
লালমনিরহাট-১ অঞ্চলের আওতাধীন রাজারহাট এলাকা অফিসের বিভিন্ন শাখা— রাজারহাট সদর, নাজিমখান, ফরকেরহাট, কাঁঠালবাড়ী এবং দুর্গাপুর অফিসের তালিকাভুক্ত কতিপয় দুস্থ, বয়োজ্যেষ্ঠ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ ফাহীদ হাসান, জেলা সমন্বয়ক, ব্র্যাক কুড়িগ্রাম, মোঃ জান্নাতুল এমরান চৌধুরী, এলাকা ব্যবস্থাপক (দাবি), রাজারহাট, মোঃ মিজানুর রহমান মিজান, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি), রাজারহাট, মোঃ হোসেন আলী, শাখা হিসাব কর্মকর্তা, রাজারহাট, এছাড়াও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও ব্র্যাকের কর্মীরা উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা ও কৃতজ্ঞতা:
শীতের প্রকোপে যখন জনজীবন বিপর্যস্ত, তখন হাতে গরম কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। উপস্থিত এতিম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্র্যাক সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। বিশেষ করে এই তীব্র শীতে প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :