নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজে ১৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এ বরাদ্দ অনুমোদনে জাতীয় সংসদ সদস্য (২৫-কুড়িগ্রাম-১) মোঃ আনোয়ারুল ইসলামের সুপারিশ, বিশেষ উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে।
একইভাবে, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজের জন্যও ১৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বিদ্যালয়টির সংস্কারকাজেও এমপি মোঃ আনোয়ারুল ইসলামের সুপারিশ, উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে বলে জানানো হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুমোদনপত্র অনুযায়ী, নির্ধারিত বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজে ব্যয় করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
বরাদ্দের অনুমোদন উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে।
মোঃ আনোয়ারুল ইসলাম এমপি ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও নিরাপদ করার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি তৈরিতে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।






