দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, নাগেশ্বরীর ৮ পূজামণ্ডপে জেলা যুবশক্তির সভাপতির আর্থিক সহায়তা


HK প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন / ০
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, নাগেশ্বরীর ৮ পূজামণ্ডপে জেলা যুবশক্তির সভাপতির আর্থিক সহায়তা

নাগেশ্বরী প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা যুবশক্তির সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

শনিবার দিনব্যাপী এ কার্যক্রম নাগেশ্বরী কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে শুরু হয়। পরে পশ্চিম পাড়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দিরসহ পৌরসভার বিভিন্ন এলাকার মোট আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতাকর্মীরা।

মাসুদুর রহমান মাসুদ দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে এ কার্যক্রমে অংশ নেন নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল, পৌরসভা যুবশক্তির সদস্যসচিব নাঈম মিয়াসহ অন্যান্য নেতাকর্মী।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম বলেন, “আমরা শুধু মন্দির পরিদর্শন করছি না, প্রতিটি মন্দিরের পরিস্থিতি সরেজমিনে জানার চেষ্টা করছি। মাসুদ ভাই দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতে আমরা তাঁর পক্ষ থেকে এসব কার্যক্রম পরিচালনা করছি। এবারের দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা সন্তুষ্টি ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন করছেন।”

পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।