নাগেশ্বরীতে দিনে-দুপুরে অচেতন করে অটোরিকশা ছিনতাই, আতঙ্কে চালকেরা


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ন /
নাগেশ্বরীতে দিনে-দুপুরে অচেতন করে অটোরিকশা ছিনতাই, আতঙ্কে চালকেরা

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনে-দুপুরে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক শহিদুল ইসলাম (৩২) ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা মোহরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গঙ্গারহাট বাজার থেকে তিনজন যাত্রী শহিদুলের অটোরিকশা রিজার্ভ নেয় নাগেশ্বরীর উদ্দেশ্যে। পথিমধ্যে দুর্বৃত্তরা কৌশলে শহিদুলকে একটি স্পিড খাইয়ে অচেতন করে। একপর্যায়ে তার জায়গায় বসে একজন রিকশাটি চালিয়ে নিয়ে যায়। পরে নাগেশ্বরী উপজেলার সামনে তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

বিকেল সাড়ে ৩টার দিকে পথচারীরা শহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শহিদুলের বাবা আবুল হোসেন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে অটোরিকশাটি কিনে দেওয়া হয়েছিল। সেটি দিয়েই সংসার চলত ও কিস্তি শোধ করা হতো। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পরিবারটি এখন চরম সংকটে পড়েছে। তিনি দ্রুত অটোরিকশা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা আরও জানান, এভাবে একাধিক চালকের অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় একই কৌশলে ছিনতাইয়ের শিকার এক প্রবীণ চালক অসুস্থ হয়ে মারা গেছেন বলেও জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অটোরিকশা চালকরা বলছেন, দিনে-দুপুরে এভাবে ছিনতাই বেড়ে যাওয়ায় তারা এখন জীবন ও জীবিকা নিয়ে ভীত-সন্ত্রস্ত। এলাকাবাসীর দাবি, এ চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।