মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
উলিপুর উপজেলার ওই এলাকায় চাচাতো ভাইদের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই বিরোধের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কথাকাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে খাইরুল ও তার ছোট ভাই খয়বর আলী (জিয়া) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরসহ অন্যান্য আহতদের পরিবারের সদস্যরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে মোঃ খাদেমুল অভিযোগ করে বলেন, রফিকুল, ফজলু, ফারুক, সাদেকুল, আরজিনা, জেলেকা সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বড় ভাই, মেজ ভাইসহ পরিবারের একাধিক সদস্য ও নারী সদস্যরা গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, জমি বিরোধের জেরে হামলার সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খাদিমুল ইসলাম আকাশকে খুনের উদ্দেশ্যে আঘাত করা হয়েছে।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






